ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত আলেম ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী (বর্তমান বড় হুজুর) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল রবিবার পৌর এলাকার ভাদুঘরে নিজ বাসভবনে তিনি (৯০) ইন্তেকাল করেন। স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তিনি দেশের বিশিষ্ট আলেমেদ্বীন মোফাসিসরে কোরআন বড় হুজুর মরহুম আল্লামা সিরাজুল ইসলাম সাহেবের পুত্র। এদিকে মরহুমের মৃত্যুর সংবাদ শুনে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখতে জেলা প্রশাসক হায়াত উদ-দোলা খাঁন, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ মরহুমের বাসভবনে ছুটে যান। তিনি ছিলেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির।
