গুচ্ছ ছড়া

পরিতোষ বাবলুর ছড়া

আপডেট : ১০ আগস্ট ২০২০, ১২:৩৭

হুলো বেড়ালের জন্মদিন

 

আজকে হুলোর জন্মদিনে

পুঁচকে ইঁদুর গেস্ট

গিফট এনেছে দাঁতের বুরুশ

দাঁত মাজনের পেস্ট!

 

জন্মদিনের আপ্যায়নে

গাজর এবং মুলো

চিত্তসুখে নৃত্য করে

বেড়াল ছানাগুলো!

 

টিকটিকিরা চার দেয়ালে

টিক টিক টিক ডাকে

আরশোলা কি আলমারিতে

চুপটি করেই থাকে?

 

আরশোলাকে বললো হুলো,

একটা ছবি তোলো

এমনি আমার গোঁফ পাকেনি

বয়স জানো? ষোলো!

 

 

ছোটাভীম হাট্টিমাটিম

 

‘হাট্টিমাটিম টিম’

পারলো মাঠে ডিম

বললো হেসে ডিমটা খাবে

আমগো ছোটাভীম!

 

ভীম করে জিম সকাল বিকাল

শক্ত হলো পেশী,

ডিম না খেলে জিম হবে না...

ডিম খেতে হয় বেশি।

 

ভীমের মতো তুমিও হবে?

খেতেই হবে ডিম!

ও দাদা ভাই, বলুন দেখি

‘হাট্টিমাটিম টিম’

কয়টা পাড়ে ডিম?

 

 

 

ঝুনুরঝুনুর

 

একটা ছড়া দাদুর ছিলো

দুইটা ছড়া দিদির

তিনটা ছড়া নীলাঞ্জনার

চারটা ছিলো নিধির।

 

পাঁচটা ছড়া বাবার ছিলো

ছয়টা ছড়া মায়ের

সাতটা ছড়া বোনের ছিলো

আটটা ছড়া ভায়ের।

 

নয়টা ছড়া হাতে ছিলো

দশটা ছড়া মাথায়

একটা ছড়া রইলো পড়ে

ছোট্ট ছড়ার খাতায়।

 

একটা ছড়া ঘুম পাড়াবে

একটা ছড়া ঘুম তাড়াবে

একটা ছড়া ইশকুলেতে যায়!

ঝুনুরঝুনুর নূপুর পরে পায়!