৩৮ বছর বয়স হয়ে গেছে। এখনো পেস বোলার হিসেবে ২২ গজ মাতাচ্ছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। ইন-সুইং, আউট-সুইং ও রিভার্স সুইং- সবই যেন, তার ডেরায় ভরপুর। বয়সকে আমলে না নিয়ে আরও টেস্ট খেলে যাবার ঘোষণা দিলেন এন্ডারসন। অবসরের কথা ভুলে টেস্ট খেলার জন্য তিনি আরো বেশি ‘ক্ষুধার্ত’ বলে জানালেন এন্ডারসন।
সম্প্রতি ৩৮ বছর বয়সে পা দেন এন্ডারসন। এই বয়সে অনেক আগেই পেসাররা ক্রিকেটকে বিদায় বলে থাকেন।
ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটের দুর্দান্ত জয় পায় ইংল্যান্ড। দলের জয়ের ম্যাচে ৯৭ রানে মাত্র ১ উইকেট নেন। তাই এন্ডারসনের ভবিষ্যৎ নিয়ে আবারো প্রশ্ন উঠেছে।
নিজেও উপলব্ধি করেছেন এন্ডারসন। ওল্ড ট্রাফোর্ডের এই ভেন্যুর এক প্রান্তের নাম এন্ডারসনের নামে। তিনি বলেন, ‘ভালো বল করতে পারেননি।’
তবে ইংল্যান্ডের হয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৫৯০ উইকেট শিকারি এন্ডারসন জানান, যতদিন সম্ভব, ততদিন খেলবেন তিনি।
এন্ডারসন বলেন, ‘যতদিন সম্ভব, ততদিন আমি খেলতে চাই। এ সপ্তাহের যেভাবে আমি বোলিং করেছি, তাতে আমার কাছ থেকে অবসরের সুযোগটি কেড়ে নেয়া হবে। এটি হবে নির্বাচনের বিষয়। আমি এখনো খেলার জন্য ক্ষুধার্ত হয়ে আছি। আমার মনে হয়, একটি খারাপ ম্যাচের পর এ সপ্তাহটি আমার জন্য হতাশারই ছিলো। তাই অবসর নিয়ে যে ধরনের ফিসফিস তৈরি হয়েছে, আমার মনে হয় না, এটি সঠিক হচ্ছে।’
ইত্তেফাক/এমআর
