জুলাইতেই টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু করোনা মহামারির কারণে সেটা হয়ে ওঠেনি। বিশেষ করে অনুশীলন না করে এমন সফরে যেতে রাজি ছিলেন না ক্রিকেটাররা। অবশেষে ক্রিকেটারদের অনুশীলন সীমিত আকারে হলেও শুরু হয়েছে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেপ্টেম্বরের শেষে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভাবছে। এই সফরে যোগ হতে পারে তিনটি টি-টোয়েন্টিও।
সফরটির ব্যাপারে আলোচনা যে বেশ খানিকটা এগিয়েছে, সেটা বলছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হচ্ছে। প্রথমে আমাদের যেটা আলোচনা ছিল যে, তিনটা টেস্ট ম্যাচের একটা সিরিজ হবে। এর সঙ্গে আরো তিনটা টি-টোয়েন্টি খেলার একটা প্রস্তাব এসেছে। এটা আমরা আলোচনা করে চূড়ান্ত করব। আমরা এখনো এ ব্যাপারটা চূড়ান্ত করিনি। কোন কোন ফরম্যাটে খেলা হবে, সেটা চূড়ান্ত হলে জানানো হবে।’
এই সিরিজটি হলে তার আগে ঢাকায় একটি আবাসিক অনুশীলন ক্যাম্প হবে বলেও জানালেন সুজন, ‘জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পের তারিখ আমরা চূড়ান্ত করব। আমাদের আনুমানিক পরিকল্পনা হয়েছে যে, সেপ্টেম্বরের শেষ দিকে আমরা যদি শ্রীলঙ্কা সফর করি, তার আগে এখানে (বাংলাদেশে) আমরা একটা কন্ডিশনিং ক্যাম্প করব।’
আবাসিক ক্যাম্পের আগে খেলোয়াড়দের পরীক্ষা করানো হবে বলে ধারণা দিলেন প্রধান নির্বাহী, ‘জাতীয় দলের সব ক্রিকেটারকে একটা অ্যাপসের আন্ডারে আনা হয়েছে। এটার মাধ্যমে আমরা তাদের স্বাস্থ্যের অবস্থা জানতে পারছি। এটা আমাদের মেডিক্যাল ডিপার্টমেন্ট পরিচালনা করছে। আমরা যখনই ক্যাম্পের সিদ্ধান্ত নেব, সব ক্রিকেটারকে আইসোলেশনে নিয়ে তাদের কোভিড-১৯ পরীক্ষা করাব। এরপর তাদের আবাসিক ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
