বিমসটেক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে কোভিড-১৯ পরবর্তী সহযোগিতা

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:৩৮

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মালটিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমস্টেক) পররাষ্ট্রসচিব পর্যায়ের ২১তম সিনিয়র অফিশিয়াল বৈঠক (এসওএম) আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এই বৈঠকে কোভিড-পরবর্তী পরিস্থিতিতে বিমস্টেক অঞ্চলের অর্থনৈতিক পুনর্গঠন ও পূনর্বাসন, বিশেষ করে দারিদ্র্যবিমোচন, খাদ্যের নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন অর্থনৈতিক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এছাড়া পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলনে গৃহীতব্য চার্টারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও ডকুমেন্টস স্বাক্ষরের বিষয়ও বৈঠকে চূড়ান্ত করা হবে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলন ও বিমস্টেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১৭তম সভা শ্রীলঙ্কার কলম্বোতে ৩-৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পররাষ্ট্রসচিব পর্যায়ের সভায় পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলন ও ১৭তম বিমস্টেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভার সম্ভাব্য নতুন দিনক্ষণ নিয়ে আলোচনা করবেন। যদি চলমান পরিস্থিতির কারণে সবার উপস্থিতিতে শীর্ষ সম্মেলন আয়োজনে সমস্যা হয়, তাহলে সদস্য রাষ্ট্রসমূহ এ বছরই ভার্চুয়ালি বিমস্টেক শীর্ষ সম্মেলন করার সম্ভাব্যতা বিবেচনা করতে পারে।

বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত সংস্থাটির বর্তমান চেয়ারম্যান শ্রীলঙ্কা। পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে থাইল্যান্ডের কাছে সংস্থার চেয়ারম্যানের দায়িত্বভার অর্পিত হবে। এছাড়া পররাষ্ট্রসচিব পর্যায়ের সভা বিমস্টেকের পরবর্তী সেক্রেটারি জেনারেল হিসেবে ভুটানের প্রার্থীকে সুপারিশ করতে পারে। নতুন সেক্রেটারি জেনারেল বর্তমান সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত বাংলাদেশি কূটনীতিক রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।