পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের অনভিষিক্ত ক্রিকেটার ড্যান লরেন্স। ২৩ বছর বয়সি লরেন্স টেস্ট না খেললেও সাসেক্সের হয়ে নিয়মিত কাউন্টি ক্রিকেটে অংশ নেন। তিনি ছিলেন রিজার্ভ দলের সদস্য। আত্মীয়ের মৃত্যুতে তিনি জীবাণুমুক্ত পরিবেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এক বিবৃতিতে এই খবর জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগে অসুস্থ বাবার সঙ্গে থাকতে টেস্ট দল ছাড়েন সহ-অধিনায়ক বেন স্টোকসও। ইসিবি জানিয়েছে, দ্বিতীয় টেস্টের আগে লরেন্সের বদলি হিসেবে কাউকে নেওয়া হবে না। তিন ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড দল। আগামীকাল, বৃহস্পতিবার সাউদাম্পটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
