লালমোহনে মুক্তিযোদ্ধার সন্তানের ওপর দুর্বৃত্তদের হামলা

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:০৫

লালমোহনে মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম জামালের ওপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার গজারিয়া হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে। রাজনৈতিক ও সামাজিক মতবিরোধের জের ধরে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

ন্যক্কারজনক এ ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী জানিয়েছেন, নজরুল ইসলাম জামাল উপজেলার গজারিয়া এলাকার মুক্তিযোদ্ধা ও পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত হোসেন খলিফার ছেলে। এলাকায় তিনি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। পরিচ্ছন্ন রাজনীতি করতে গিয়ে এলাকায় রাজনীতির লেবাসে থাকা কতিপয় দুর্বৃত্ত চক্রের সঙ্গে তার রাজনৈতিক ও সামাজিক বিরোধ দেখা দেয়। সোমবার তিনি গজারিয়া হাইস্কুলে ব্যক্তিগত কাজ সেরে রাস্তায় বের হওয়া মাত্র তার ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান নজরুল ইসলাম জামালের ছোট ভাই শিক্ষক হেলাল উদ্দিন।