বড় জয়ে এফএ কাপের পরের রাউন্ডে সিটি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:২৫

ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির ক্লাব রডারহ্যাম ইউনাইটেডের জালে গোল উত্সব করে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে রবিবার তৃতীয় রাউন্ডের ম্যাচটি ৭-০ গোলে জেতে পেপ গার্দিওলার দল। দ্বাদশ মিনিটে রাহিম স্টার্লিংয়ের কল্যাণে প্রথম গোলের দেখা পায় তারা। ৪৩তম ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। এর তিন মিনিট পর আত্মঘাতী গোল করে বসে অতিথিদের এক ডিফেন্ডার। তিন গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সিটির হয়ে ৫২ মিনিটে চতুর্থ গোলটি করেন গ্যাব্রিয়েল জেসাস। ৭৩তম মিনিটে স্কোরশিটে নাম লেখান রিয়াদ মাহরেজ। ৭৮ মিনিটে ব্যবধান আরও বাড়ান আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ৮৫ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লেরয় সানে। ফলে ৭ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।