সূচি পাল্টানোর দাবি ক্লাবগুলোর

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:২৯

প্রিমিয়ার ফুটবল লিগ

 স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগ ১৮ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সেটি হবে কিনা তা নিয়ে শংকা রয়েছে। খসড়া ফিকশ্চার ক্লাবগুলোকে পাঠানোর পরও গুঞ্জন আছে যে লিগ এক সপ্তাহে পেছাতে পারে লিগ। তবে তার চেয়েও বড় কথা হচ্ছে তিন ক্লাব চিঠি দিয়েছে লিগ নিয়ে। সাইফ স্পোর্টিং ক্লাব এবং বসুন্ধরা কিংস গত পরশু চিঠি দিয়ে জানিয়েছে লিগের পুরো সময়টা আরো কমিয়ে আনা যায় কিনা। আর নোফেল ক্লাব লিগ পিছিয়ে এক ফেব্রুয়ারি হতে লিগ শুরু করতে অনুরোধ করেছে।

লিগ কমিটি ফিকশ্চারে সপ্তাহে তিন খেলা রেখেছে। শুক্রবার, শনিবার ও রবিবার খেলা হবে। দুই ক্লাব এটিকে আরেকটু বাড়িয়ে খেলা রাখতে অনুরোধ করেছে। কিন্তু সেটিও সম্ভব না বলে লিগ কমিটির সূত্রে জানা গেছে। কারণ প্রিমিয়ার লিগের খেলা ঢাকার বাইরে সাত ভেন্যুতে। আসা-যাওয়া, খেলোয়াড়দের বিশ্রাম, বিভিন্ন ভেন্যুতে যাওয়ার আসার ভ্রমণ ক্লান্তি বিষয়টা যেমন রয়েছে তেমনি আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে লিগ কমিটি।

মার্চে এএফসির খেলা রয়েছে। অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বাছাই পর্বের খেলা রয়েছে। প্রিমিয়ার লিগের ফুটবলাররা খেলবে অনূর্ধ্ব—২৩ দলে। প্রকাশ না করলেও জানা গেছে এএফসির এই খেলার সময় লিগ বন্ধ থাকতে পারে। এপ্রিলে আবাহনীর খেলা রয়েছে এএফসি কাপের ফুটবলে।

এরই মধ্যে ফিকশ্চার ঘোষণা করা হয়েছে। আবাহনীর খেলাগুলোর পালাক্রমে এপ্রিল থেকে জুন পর্যন্ত হবে। কয়েক ধাপে খেলা হলেও তখনও লিগ বন্ধ থাকতে পারে। তাছাড়া এএফসি কাপে আবাহনীর ফিকশ্চার দেখে প্রিমিয়ার লিগের ফিকশ্চার তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে শুক্র, শনি রবিবারের বদলে কখনো কখনো একটানা লিগের খেলা হবে।

সবচেয়ে বড় বিষয় হচ্ছে জুনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা রয়েছে। ৬ এবং ১১ জুন দুটি খেলার তারিখও ঘোষণা করা হয়েছে এএফসি হতে। এটি এশিয়ান কাপের খেলা কোয়ালিফাইং রাউন্ডের খেলা। একই সঙ্গে কাতার বিশ্বকাপেরও খেলা হিসাবে এটিকে ধরা হবে বলে বাফুফে জানিয়েছে। ৬ এবং ১১ জুন রাউন্ড ওয়ানের খেলা হবে।

বাংলাদেশের প্রতিপক্ষের নাম এখনও হাতে পায়নি বাফুফে। বাফুফের পেশাদার ফুটবল লিগ কমিটি জাতীয় দল, আবাহনীর এএফসি কাপের খেলা, অনূর্ধ্ব-২৩ ফুটবলের খেলাগুলো মাথায় রেখে প্রিমিয়ার লিগের খেলা মাঠে গড়াতে চায়। ১০ আগস্ট লিগ শেষ হবে। লিগের সময় কমিয়ে খেলা আয়োজন করার কোনো সুযোগ দেখছে না লিগ কমিটি। কারণ ৩০ নভেম্বর লিগ শুরু হওয়ার বদলে স্বাধীনতা কাপ শুরু হয়েছে। ৩০ নভেম্বর হতে ১৮ জানুয়ারি প্রায় পৌনে দুই মাস চলে গেল। যেকারণে লিগ শেষ হতে বাড়তি দুই মাস লেগে যাচ্ছে।