নতুন সংক্রমণের পর নিউজিল্যান্ডে নির্বাচন পেছানোর দাবি

আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৬:১৪

টানা ১০২ দিন পর নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় এবার নিউজিল্যান্ডের নির্বাচন পেছানোর দাবি উঠেছে। দেশটিতে নির্বাচন পেছানোর দাবি তোলেন নিউজিল্যান্ডের বিরোধী দলীয় নেতা।

দেশটিতে নতুন করে করোনার সংক্রমণের কথা তুলে ধরে বিরোধী দলীয় ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্স বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয়।

বিবিসি জানায়, নিউজিল্যান্ডে ১০২ দিন পর নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় আবারও লকডাউন জারি করে দেশটির সরকার। এরই পরিপ্রেক্ষিতে দেশটির সংসদে বিরোধী দলের নেতা এই দাবি জানিয়েছেন। জানা যায়, গত মঙ্গলবার অকল্যান্ডে একটি পরিবারের চারজনের করোনায় আক্রান্ত হন।

আরও পড়ুন: ইউরোপে আবারও ব্যাপক করোনা সংক্রমণের আশংকা!

খবরে বলা হয়, আগামী ১৯শে সেপ্টেম্বর নিউজিল্যান্ডে নির্বাচন হওয়ার রয়েছে। তবে নির্বাচনের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়ার আগে করোনার পরিস্থিতির পূর্ণাঙ্গ প্রভাব বিবেচনা করে দেখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

ইত্তেফাক/আরআই