রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালায় নির্মাণাধীন গুচ্ছগ্রাম প্রকল্পে মাটি ভরাটের কাজ চলছে। সেখানে ভূমিসহ আবাসন পাবে গৃহহীন ৪০টি পরিবার।
রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ঘোষিত ‘একজন ব্যক্তিও গৃহহীন থাকবে না’ প্রকল্পের অধীনে ২.১৫ একর জমির উপর গড়ে তোলা হবে ‘পান্থশালা গুচ্ছগ্রাম’। ৪০টি গৃহহীন পরিবারের প্রতিটি পাবে প্রায় পাঁচ শতাংশ ভূমিসহ আবাসন। বসতঘর ছাড়াও প্রতিটি পরিবারের জন্য থাকছে একটি রান্নাঘর, একটি টিউবওয়েল, বিদ্যুত্ সংযোগ এবং বসতঘরের সামনে কিছুটা ফাঁকা জায়গা। এই গুচ্ছগ্রামে থাকবে একটি কমিউনিটি সেন্টারও।
গত বৃহস্পতিবার রায়পুরা উপজেলা সদর-পান্থশালা ফেরিঘাট প্রধান সড়কের পাশের এই প্রকল্পে মাটি ভরাটের কাজ পরিদর্শন করেছেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক ড. এ. কে. এম অলিউল্লাহ। এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প কর্মকর্তা আব্দুল গনি, গুচ্ছগ্রাম প্রকল্পের সহকারী প্রকৌশলী এন এ নাজমুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ অলিউল্লাহ।
