রংপুরে সরকারি শিশু পরিবারের শিশুর মৃত্যু ঘটনায় চাঞ্চল্য

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

রংপুর অফিস

রংপুরে সরকারি শিশু পরিবার (বালক) এ চিকিত্সা অবহেলাজনিত কারণে হোসেন আলী (১২) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত রবিবার নগরীর তাজহাট থানার পাশে অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক), রংপুর এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, সেখানে বসবাসকৃত এক শিশু রংপুর শিশু পরিবারের অধীনস্থ ধর্মদাস বারো-আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য়  শ্রেণিতে পড়ুয়া মোঃ হোসেন আলী (৯) ৩১ ডিসেম্বর ’১৮ তারিখে কাঁচা  বেল  পেড়ে খায়। ফলে তার প্রচণ্ড পেট ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। এ অবস্থায় ওই শিশুর বন্ধুরা পরিবারের বড় ভাই আবু তালেবকে অবহিত করে। কিন্তু তিনি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেন না এবং সেখানকার কর্তব্যরত কম্পাউন্ডার ডাঃ মোস্তাফা কামালকে পর্যন্ত ঘটনাটি জানাননি। পরে অন্য শিশুরা কর্তব্যরত কম্পাউন্ডার ডাঃ মোস্তাফা কামালকে অবহিত করলে তিনি তাত্ক্ষণিক তাকে স্যালাইন খাবার পরামর্শ দেন। পরে ব্যথা ও পায়খানা বেড়ে গেলে আবারো তার সাথে শিশুরা যোগাযোগ করলে তিনি পরিবারে কোনো বাজেট নেই বলে জানিয়ে দেন। এ সময় হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের বড় শিশুরা জোরপূর্বকভাবে গত চার জানুয়ারি মোস্তাফা কামালকে সাথে নিয়ে ঐ শিশুকে রংপুর  মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হলে সময়মত তা করতে না পারায় এবং অবশেষে পরীক্ষা-নিরীক্ষা হলেও রিপোর্ট নেওয়ার সময় না থাকায় হাসপাতাল ত্যাগ করে চলে যান সরকারি শিশু পরিবারের কর্মকর্তা। ফলে সঠিক চিকিত্সা না পেয়ে শেষ পর্যন্ত গত ০৫ জানুয়ারি মারা যায় এতিম শিশুটি।

শিশু পরিবারের কম্পাউন্ডার ডাঃ মোস্তাফা কামাল বলেন, আমি নিজেই তাকে হাসপাতালে ভর্তি করেছি। সেখানে তার চিকিত্সার কোনো ত্রুটি ছিল না এবং শিশুরা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।