নবীগঞ্জে কলেজ ছাত্রী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৩৬

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত কলেজ ছাত্রী তন্নী রায়কে ধর্ষণের পর গলা টিপে হত্যা মামলার একমাত্র আসামি রানু রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ সিলেটের বিচারক রেজাউল করিমের আদালতে এ রায় দেওয়া হয়।

তন্নী রায়ের বাবা বিমল রায় জানান, আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট। তবে রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরের দিকে তন্নী নবীগঞ্জ শহরতলীর শেরপুর রোডে ইউকে আইসিটি ইনস্টিটিউট কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় সাধারণ ডাইরি করেন বিমল রায়। এর তিন দিনের মাথায় তন্নীর বস্তাবন্দি লাশ নবীগঞ্জ শহরতলীর শাখা বরাক নদী থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল তার কথিত প্রেমিক রানু রায়। পরে পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে।