সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বালুচর এলাকা থেকে সোমবার সকালে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফয়সল আহমদ (৫)। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের কুয়েত প্রবাসী শফিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুচর এলাকার স্থানীয় লোকজন সড়কের পাশে ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এর আগে গত ৪ জানুয়ারি ফয়সল নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে তার আত্মীয়-স্বজন থানায় সাধারণ ডাইরি করেছেন। দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এর বেশি বলা যাবে না।
