বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২২:৪৮

যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য নিয়ে উত্তেজনার মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম এশিয়ান আমেরিকান কমলা হ্যারিসকে রানিংমেট বা নির্বাচনী জুটি হিসেবে বেছে নিলেন ডেমোক্র্যাটের জো বাইডেন। বাইডেন জিতলে ইতিহাস গড়বেন কমলাও। প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি। ৫৫ বছর বয়সি কমলার বাবার জন্ম জ্যামাইকায় এবং মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। খবর ডয়চেভেলের        জো বাইডেন (৭৭) টুইট করে জানিয়েছেন, কমলা হ্যারিস আমার মতো এক ক্ষুদ্র মানুষের পক্ষে একজন নির্ভীক যোদ্ধা এবং দেশের অন্যতম প্রধান জনসেবক। তাকে নির্বাচনী জুটি হিসাবে পেয়ে আমি সম্মানিত। কমলাও টুইট করে বলেছেন, বাইডেনের নির্বাচনী জুটি হতে পেরে সম্মানিত। তাকে কমান্ডার ইন চিফ করার জন্য যা করার আমি করব। কমলা হ্যারিস বর্তমানে ক্যালিফোর্নিয়ার সিনেটর এবং দলের মধ্যে যারা প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চেয়ে বাইডেনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তার মধ্যে অন্যতম। তিনি বাইডেনের প্রয়াত ছেলেরও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

মঙ্গলবার হ্যারিস টুইট করে বলেছিলেন, সর্বোচ্চ পদে কৃষ্ণাঙ্গ ও অন্য বর্ণের মেয়েদের প্রতিনিধিত্ব খুব কম। সেটা বদলাবার সময় এসেছে। আমরা সেই কাজ শুরু করেছি। দলের প্রার্থী নির্বাচনের সময় প্রথমে বাইডেনের বিরুদ্ধে কমলা আক্রমণাত্মক প্রচার চালিয়েছেন। বাইডেনের বিরুদ্ধে তার মনোভাব ছিল খুবই কড়া। অবশা গত ডিসেম্বর থেকে তিনি মত বদল করে বাইডেনকে সমর্থন করেন।