বিশ্বব্যাপী করোনা মহামারিতে সবচেয়ে ঝুঁকিতে প্রবীণ জনগোষ্ঠী। লকডাউনের মধ্যে দেশে দেশে প্রবীণদের সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হয়েছে; কিন্তু এদিন লকডাউনের মধ্যেই যুক্তরাষ্ট্রের মিসিগান অঙ্গরাজ্যের এক বৃদ্ধা বেরিয়ে পড়েন ১০৩তম জন্মদিন উদ্যাপনে! রীতিমতো দোকানে গিয়ে শরীরে ট্যাটু এঁকে জন্মদিন উদ্যাপন করেছেন ঐ বৃদ্ধা। জন্মদিনে নতুন কিছু করার তাগিদ থেকেই তিনি এমন কাজ করেছেন।
ডরোথি পোলাক নামের ঐ বৃদ্ধার জন্মদিনে ট্যাটু আঁকার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন লকডাউনে থাকার কারণে অনেকটা হাঁপিয়ে উঠেছিলেন ডরোথি পোলাক। ১০৩ বছর বয়সে দাদির এমন কাণ্ডের বিষয়ে তার নাতনি তেরেসা জাভিটজ-জোনস গণমাধ্যমকে বলেন, লকডাউনে বাসায় থাকতে থাকতে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এ কারণে আমরা চেয়েছিলাম উনি একটু বাইরে বের হোক।
জন্মদিনে কী করতে চান তা জানতে চাইলে তিনি শরীরে ট্যাটু আঁকার প্রস্তাব করেন। তার সেই আবদার পূরণে পরিবারের সদস্যরা সম্মতি জানান। জীবনে প্রথম বারের মতো শরীরে একটি ব্যাঙের ট্যাটু এঁকে দাদি বেশ উচ্ছ্বসিত বলেও জানান তেরেসা জাভিটজ-জোনস। এই বয়সে ট্যাটু আঁকা প্রসঙ্গে ডরোথি পোলাক বলেন, আমি ব্যাং খুব পছন্দ করি। পছন্দের ব্যাঙের একটি ট্যাটু আঁকতে পেরে আমি খুব আনন্দিত। —ইউপিআই
ইত্তেফাক/বিএএফ
