প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। তাই এখানে অনেক পর্যটনকেন্দ্র রয়েছে, যা দেখতে আসেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকেরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, অধিকাংশ রেলস্টেশন, বাসস্ট্যান্ড বা এলাকার নামফলক শুধু বাংলায় উল্লেখ থাকার জন্য বিদেশি পর্যটকরা বুঝতে পারেন না তাঁরা কোথায় অবস্থান করছেন। আবার যোগাযোগের অন্যতম প্রিয় ও সহজ পন্থা রেলপথ। কিন্তু প্রায় সকল রেলস্টেশনে ট্রেন আসা বা ছাড়ার ঘোষণা করা হয় কেবল বাংলায়। যার জন্য চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় ভ্রমণপিপাসু বিদেশিদের। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব—নামফলক বা সাইনবোর্ডগুলোতে এবং রেলস্টেশনের ঘোষণা বাংলার পাশাপাশি ইংরেজি ব্যবহার করুন।
মো. আখতার হোসেন আজাদ
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
