মুজিব আমার

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৯:২৭

মুজিব আমার মহানায়ক লক্ষ যুগের ধ্যান

মুজিব আমার স্বপ্নসোহাগ সব কিতাবের জ্ঞান।

মুজিব আমার গায়ে-গঞ্জের হাটের কোলাহল

শহর-নগর জাহাজঘাটা সুদূর মফঃস্বল।  

মুজিব আমার দৃঢ়চেতা শক্ত হাতের মুঠি

ভোরের আলোয় সূর্যকিরণ রৌদ্রে লুটোপুটি।

মুজিব আমার কল্পবিলাস সাতসাগরের ঢেউ

মুজিব নামে দেই তুলনা এমন তো নেই কেউ।

মুজিব আমার হিমালয়ের উচ্চ শিখর দেশ

সাগর জলে নাইতে নামা সুখের অবশেষ।

মুজিব আমার সুখের হাসি দুখের কান্নাকাটি

বর্ষাকালের সরষে ইলিশ তপ্ত ঝোলের বাটি।

মুজিব আমার ছেলেবেলার কাজলা গরুর দুধ

পায়রা ওড়া ঘুড়ির সুতায় সুখের-ই বুদ্বুদ।

মুজিব আমার কানামাছির বৌচি খেলার ডাক

মুজিব আমার স্বাধীনতা বাংলাজুড়ে থাক।