জাতির পিতা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৯:২৭

মুজিব মানে জাতির পিতা যুদ্ধজয়ের তূর্য

আঁধার রাতে বাধার পথে ভোরের রাঙা সূর্য

মুজিব মানে কিংবদন্তি ইতিহাসের বীর সে

সাতই মার্চের ভাষণে সে বিশ্বনেতার শীর্ষে।

 

তর্জনী তার নাচায় আলো ঘোচায় কালো রাত্রি

মহাকালের আলোয় বিভোর উদয়পথের যাত্রী

একটি মুজিব দিতে পারে একটি স্বাধীন ভূমি

কালজয়ী তার শ্রেষ্ঠ ভাষণ শুনছো নাকি তুমি?

 

দেশের কথা বলত মুজিব ঊর্ধ্বে আঙুল তুলে

তার কীর্তির অমর স্মৃতি কী করে যাই ভুলে?

পাকিস্তানের কারাগারে করলো তাকে বন্দি

রাজপ্রাসাদের লোলুপ আশায় সে করেনি সন্ধি।

 

মুজিব মানে বাংলা মায়ের ডানপিটে সেই ছেলে

হাজার-জনম কাল কাটালে একটি মুজিব মেলে

তার আগে আর কে জেগেছে স্বাধীনতার ডাকে

স্বদেশ প্রেমিক হতে হলে জানতে হবে তাকে।