সাভারে তুরাগ নদী থেকে শিশুর লাশ উদ্ধার 

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২০:০৯

সাভারের তুরাগ নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মোঃ হাসান আলী (১২)। বৃহস্পতিবার দুপুরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের গুদারাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। সে মিরপুরের দিয়াবাড়ী থেকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল।   

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দিয়াবাড়ীর তুরাগ নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে হাসান। গোসলের এক পর্যায়ে তীব্র স্রোতে সে পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দীর্ঘ আড়াই ঘণ্টা পানিতে তল্লাশী চালিয়ে তুরাগ নদীর সাভারের কাউন্দিয়া ইউনিয়নের গুদারাঘাট এলাকা থেকে নিখোঁজ হাসানের লাশ উদ্ধার করে। 

রাজধানীর শাহআলী থানার এসআই প্রিন্স মজুমদার জানান, নিহত হাসান মিরপুরের শিয়ালবাড়ী এলাকার মোঃ দুলাল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ী টাঙ্গাইলের সাগরদিঘীর তালতলা এলাকায়। 

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি