পাইকগাছায় বিদ্যুতের ফেরিওয়ালা!

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

সচরাচর যে কোনো পণ্য কিংবা সামগ্রী বাড়িতে বাড়িতে ফেরি করে বিক্রি করতে দেখা গেলেও এবার ফেরি করে বিদ্যুত্ সংযোগ দেয়ার উদ্যোগ নিয়েছে খুলনা পল্লী বিদ্যুত্ সমিতির পাইকগাছা জোনাল অফিস। রবিবার ব্যতিক্রমধর্মী সেবামূলক এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা পল্লী বিদ্যুত্ সমিতি পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হাওলাদার মোঃ ফজলুর রহমান। ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে একজন সাধারণ গ্রাহক বিদ্যুত্ সংযোগ পাচ্ছেন। পল্লী বিদ্যুত্ সমিতির অভিনব এ কর্মসূচি মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ কর্মসূচির আওতায় পল্লী বিদ্যুত্ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভ্যানে মিটার, তার, মই ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভ্যানের সামনে ‘আলোর ফেরিওয়ালা’ লিখে লাগিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিদ্যুত্ লাগবে, বিদ্যুত্ লাগবে প্রচার করার মাধ্যমে খুব সহজ ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষকে বিদ্যুত্ সংযোগ দিচ্ছে।

বাতিখালী গ্রামের অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর জানান, বিদ্যুত্ অফিসে ধর্ণা না দিয়েই মাত্র কয়েক মিনিটেই সংযোগ পাওয়ার ব্যবস্থা ইতোপূর্বে কখনো দেখিনি।

ডেপুটি জেনারেল ম্যানেজার হাওলাদার মোঃ ফজলুর রহমান জানান, এ ধরনের কর্মসূচি ইতোমধ্যে দেশের দু’একটি জায়গায় শুরু হতে পারে। তবে বিদ্যুত্ সুবিধা অতি সহজে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে অভিনব এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোর ফেরিওয়ালা কর্মসূচির মাধ্যমে সংযোগ পাওয়া খুব সহজ হয়েছে। অফিসে এসে কোনো গ্রাহককে দিনের পর দিন হাঁটতে হবে না। মিটারের জন্য কাউকে অপেক্ষা করতে হবে না। শুধুমাত্র ওয়ারিং থাকলেই আলোর ফেরিওয়ালা কর্মসূচির মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই একজন গ্রাহককে সংযোগ দেয়া হচ্ছে।