সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আমাদের মজার স্কুল’ তাদের মজা শেখানো হয়। শিশুদের নীতি নৈতিকতা, আচার-আচরণ, মুক্তিযোদ্ধা, দেশপ্রেম সম্পর্কে শিক্ষা দেয়ার জন্য তরুণদের সেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এ মজার স্কুল। সিংড়া উপজেলার প্রাণকেন্দ্রে পৌর এলাকার স্মৃতিসৌধ প্রাঙ্গণে খোলা আকাশের নিচে চলে মজার স্কুলের ক্লাস। ২০১৭ সালের ৬ জানুয়ারি মাত্র ৩০ জন শিশু নিয়ে যাত্রা শুরু করে স্কুলটি। বর্তমানে শিশুর সংখ্যা প্রায় ৩০০। ধনী-গরিব সকল শিশু এক সারিতে বসে এখানে সব কিছু শেখে আর মজা করে। ১৬ জন স্বেচ্ছাসেবী নিয়ে চলছে “আমাদের মজার স্কুল”। এ স্কুলের প্রতিষ্ঠাতা সিংড়ার সাংস্কৃতিক অঙ্গনের আলোকিত মুখ চঞ্চল মাহমুদ সংগ্রাম।
তিনি বলেন, “শিশুদের বাধাধরা সিলেবাসে বা চাপ দিয়ে নয়, তাদের শেখাতে হবে মজা করে আনন্দ বিনোদনের মধ্য দিয়ে। এখানে বর্ণমালা, অভিনয়ের মাধ্যমে ছড়া বলা, নৈতিক গল্পের মাধ্যমে নৈতিকতা, বাবা, মা গুরুজনের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেমসহ ভালো ভালো অভ্যাস শেখানো হয়। ক্লাস চলে সপ্তাহে দুদিন, মঙ্গলবার ও শুক্রবার। প্রতিদিন ক্লাসের শেষে শিশুদের দেওয়া হয় কেক, বিস্কুট অথবা চকলেট।
প্রতিষ্ঠাতা আরো বলেন, নিজের উপার্জিত অর্থের কিছু অংশ অর্থাত্ টিউশনের টাকা দিয়ে খরচ চালাই। শিশুদের জন্য রয়েছে বেশ কিছু খেলনা, যা নিয়ে শিশুরা আনন্দে মেতে থাকে। মাল্টিমিডিয়া ক্লাসে শিশুদের বিভিন্ন শিক্ষামূলক কনটেন্ট দেখানো হয়।
সিংড়ার স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শিশুদের বিনোদনের সুবিধা এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি প্রজেক্টরসহ খেলাধুলার সামগ্রী দিয়েছেন, এতে করে শিশুদের বিনোদনের চাহিদা পূরণ হয়েছে।
আকতার বানু নদী, লিরা জামানসহ কয়েকজন অভিভাবক জানালেন, মুলত প্রি প্রাইমারি হিসেবে মজার স্কুল থেকে তাদের শিশুরা মানসিকভাবে তৈরি হচ্ছে। যা একেবারে নতুনত্ব, তরুণদের এ উদ্যোগ প্রশসংনীয়। শিশুরা এখান থেকে শিখে বাড়িতে গিয়ে চর্চা করে, যেটা অনুপ্রেরণা দেয়।
