ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
সাতক্ষীরা: সোমবার সকালে সাতক্ষীরার আশাশুনিতে ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। তার নাম আশিক ইকবাল (৫)। সে আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
হোসেনপুর (কিশোরগঞ্জ): সোমবার সকালে হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তার নাম রুফিজা আক্তার (৫২)।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): রবিবার সন্ধ্যায় শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত সালাউদ্দিন তানভীর উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের মহালদার বাড়ির মোঃ তাজউদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছে রিয়াজ আহমেদ নামে অপর একজন। তাদের উভয়েরই এ বছর এসএসসি পরীক্ষায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হতে অংশগ্রহণ করার কথা ছিল।
পীরগঞ্জ (রংপুর): সোমবার সকালে পীরগঞ্জে মাহেন্দ্রের চাকায় পিষ্ট হয়ে সামিউল নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার সোনাকান্দর গ্রামের রিকশাচালক মোতাল্লেব হোসেনের ছেলে।
চৌহালী (সিরাজগঞ্জ): রবিবার রাতে এনায়েতপুরে নসিমন চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত শান্তি খাতুন(৬৫) উপজেলার ব্রাক্ষ্মণ গ্রামের আবুল মোল্লার স্ত্রী।
