আফগানিস্তানে সর্বশেষ ৪০০ তালেবান বন্দীর মুক্তি শুরু

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১২:০০

আফগানিস্তানের কারাগারে বন্দী থাকা সর্বশেষ ৪০০ তালেবান যোদ্ধাকে ছাড়তে শুরু করেছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার ৮০ তালেবান বন্দীকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। জানা গেছে, মুক্তি পাওয়া এই তালেবান বন্দীর অনেকেই আফগান বাহিনী এবং বিদেশীদের ওপর হামলার সঙ্গে জড়িতে ছিলেন।

  আফগানিস্তান সরকার ও তালেবানদের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরুর জন্য এই বন্দীদের মুক্তির শর্ত দেওয়া হয়েছিল। কারাগারে  থাকা এই ৪০০  বন্দীর মুক্তির পরেই কাতারে আফগানিস্তান সরকারের সঙ্গে তালেবানরা শান্তি আলোচনায় বসবে বলে জানা গেছে।  

বন্দীদের মুক্তি দেওয়ার পর আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, সরাসরি আলো আলোচনা এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য এই বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।  

এদিকে তালেবান বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, তাদের মুক্তি বিশ্বের জন্য বিপজ্জনক।

আফগানিস্তান সরকারের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য ৫ হাজার  বন্দীকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছিলো তালেবানরা। এর মধ্যে সর্বশেষ ৪০০ জন বন্দী কারাগারে ছিলেন। যাদের বেশিরভাগই হাইপ্রোফাইল যোদ্ধা বলে জানা গেছে। আরা এদের  ছাড়ার ক্ষেত্রে অনেকটা বেঁকে বসেছিল আফগানিস্তান সরকার।

ইত্তেফাক/এআর