রামগতিতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৯:১৯

লক্ষ্মীপুরের রামগতিতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান আশিক (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরহাসান-হোসেন এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আশিক ওই এলাকার হুমায়ুন কবিরের ছেলে। 

গ্রেফতারকৃত আশিক বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় প্রতিবেশী ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। 

পুলিশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আশিক পাঁচ বছর বয়সী প্রতিবেশী ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে আশিক পালিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে শুক্রবার সকালে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আশিককে গ্রেফতার করে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আশিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
    

ইত্তেফাক/এমএএম