সাদুল্লাপুরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৫১

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর খোলামণ্ডলের বাজার এলাকায় আগুনে দগ্ধ হয়ে সমস্তভান আকন্দ নামে স্বামী পরিত্যক্তা এক বৃদ্ধা মারা গেছেন। রবিবার রাতে এই ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই নূরু উদ্দিন আকন্দ জানান, সমস্তভান দীর্ঘদিন থেকে তার বাবার বাড়িতে থাকতেন। সম্প্রতি তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হন। ঘটনার দিন রাতে নিজ ঘরে কেরোসিন তেলের কুপির আলোতে ভাত খাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তার গায়ের চাদরে আগুন লাগে। কিন্তু ওই সময় বাড়ির পুরুষরা ছিল স্থানীয় বাজারে, আর অন্যরা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। তাই তার চিত্কারে জেগে উঠে দেখেন তার সারা শরীর আগুনে দগ্ধ হয়ে গেয়ে।

সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবীর জানান, এই ঘটনায় থানায় একটি অস্বাভাবিক হত্যা মামলা হয়েছে।