এই দৃশ্য আর দেখতে চাই না

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২০:০৩

বটের রক্তে রঞ্জিত লেকের জলে চোখ রেখে

রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন কুড়াল ও করাত;

কুড়াল-করাতের শাণিত দাঁতের হাসি রৌদ্র-

কণার ঝলক মেখে বিদ্যুত্-স্পর্শের মতো

ছড়িয়ে পড়ছে বৃক্ষের বাকলে। অদূরে ওসমানী

মিলনায়তনে যে আয়োজন, সেখান থেকে

ভেসে আসে লোলিত কণ্ঠের বিশেষণ মাখা ঘোষণা:

‘প্রাজ্ঞ উপস্থিতি, আমরা আনন্দের সাথে জানাচ্ছি—

এ বছর নিসর্গ-পদক পাচ্ছেন সবুজ ভূগোলের গর্ব—

বৃক্ষপ্রেমিক কুড়াল এবং করাত।’

                                  —এই ঘোষণায়

ওসমানী উদ্যানের বৃক্ষের দল সালোক সংশে­ষণ

থামিয়ে চেয়ে আছে মেঘহীন আকাশের দিকে;

ঘোষিকা বা অভ্যাগত—সেদিকে চোখ নেই কারো।