মদন উপজেলায় আমন বীজের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার ছয় ইউনিয়নে আমন বীজতলা চলতি বন্যার পানিতে তলিয়ে বিনষ্ট হয়েছে। নতুন করে বীজতলা তৈরিতে কৃষক বীজ সংগ্রহে বিপাকে পড়েছে। অনেকেই ঊর্ধ্ব মূল্যে বীজ সংগ্রহ করে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার ফতেপুর গ্রামের কৃষক ইঞ্জিল খাঁ, বাগজান গ্রামের আলী আহম্মদ, ভবানীপুর গ্রামের দুলাল মিয়া, বৈঠাখালী গ্রামের ইসলাম উদ্দিন জানান, বাজারে সরকারি ধানবীজ পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তার দাম দুই থেকে তিন গুণ বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাছান জানান, এক মাস আগেই আমন বীজের বরাদ্দ শেষ হয়েছে। বন্যায় বীজতলা নষ্ট হওয়ায় বীজ সংকট সৃষ্টি হয়েছে। তবে কেউ যদি অধিক মূল্যে বীজধান বিক্রি করে এর দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে। আমাদের লোকজন বাজার মনিটরিং করছে। ১৫ আগস্টের মধ্যে বীজতলা তৈরি করতে না পারলে আমন ফসল ভালো হবে না। তাই কৃষকদের অন্য ফসল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, বিএডিসির বীজ সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সংকট সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অধিক মূল্যে বীজ বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
