বরিশালে শিশু অপহরণ
বরিশাল অফিস
নগরীতে সাড়ে তিন বছর বয়সী এক কন্যা শিশুকে অপহরণের পরে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। মুক্তিপণের টাকা না পেলে শিশুটিকে হত্যা করার হুমকি দেয়া হচ্ছে। রবিবার সকালে নিজ বাসা থেকে শিশুটিকে অপহরণের পরে মোবাইল ফোনে শিশুর বাবার নম্বরে কল করে মুক্তিপণের টাকা ও হত্যার হুমকি দেয়া হয়।
অপহূত শিশু দীপা রানী পুটি বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডস্থ কলেজ রো নতুন মসজিদ সংলগ্ন গলির বাদল কমিশনারের বাড়ির ভাড়াটিয়া ও কাউনিয়া বাসের হাট সংলগ্ন একটি মিষ্টির দোকানের কর্মচারী বিনয় সমাদ্দার ও চায়না সমাদ্দার দম্পতির মেয়ে।
শিশুর বাবা বিনয় সমাদ্দার জানান, রবিবার সকাল ১০টার দিকে দীপা রানী ঘরের সামনেই খেলা করছিল। এর কিছুক্ষণ পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। প্রতিবেশীসহ নিকট আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ খবর ও এলাকায় মাইকিং করেও দীপার সন্ধান না পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
তিনি বলেন, দুপুরের দিকে একটি অপরিচিত নম্বর থেকে আমার (বিনয় সমাদ্দার) নম্বরে কল আসে। অপর প্রান্তে থাকা ব্যক্তির নিজের নাম পরিচয় গোপন রেখে মেয়েকে ফিরে পেতে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তার পরিচয় জানতে চাওয়া মাত্রই ফোনের সংযোগ কেটে দেয়। সন্ধ্যার দিকে দ্বিতীয় দফায় একই নম্বর থেকে পুনরায় ফোন আসে। তখন ৪০ হাজারের পরিবর্তে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক বলেন, এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে শিশুটিকে উদ্ধারে জোরালোভাবেই অভিযান চলছে। এজন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।
