যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংস্থাটি। গতকাল শুক্রবার ট্রাস্টের উপপরিচালক (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) হাবিবা আক্তারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) যশোরে পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে সহিংসতায় তিন শিশু নিহত এবং বহু হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের পিটিয়ে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোনো শিশুকে এ ধরনের নির্যাতন ও হত্যা সাংবিধানিক অধিকার ও বাংলাদেশে প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
