আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর ফেনীর মাস্টারপাড়ার বাড়িতে গুলি, হামলা ও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দিনগত রাত ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জয়নাল হাজারী।
জয়নাল হাজারী জানান, ‘শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণার পর থেকে দফায় দফায় হামলার চেষ্টা চালানো হয়। বৃহস্পতিবার রাত ১টা থেকে ২টার মধ্যে মুখোশ পরে কিছু সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িতে অবস্থিত মুজিব উদ্যানে শোক দিবস পালনের জন্য আনা চেয়ার-টেবিল ভাঙচুর এবং গোলাগুলি করে।’ এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে তার বাড়িতে ফের হামলার চেষ্টা করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে বুধবার ফেসবুকে দুই সহযোগী আরজু ও শাখাওয়াতসহ তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়নাল হাজারী। তিনি বলেন, ‘যে দেশে জাতির পিতা নিহত হয়েছেন সে দেশে আমার মৃত্যু হলেও আফসোস থাকবে না। মুজিব উদ্যান করেছি, বহু বছর বঙ্গবন্ধুকে নিয়ে কোনো অনুষ্ঠান করতে পারিনি। এবার ১৫ আগস্ট ফেনীতে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করব। এ কর্মসূচিকে কেন্দ্র করেই একটি মহল অপতত্পরতা চালাচ্ছে।’ ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানিয়েছেন, ‘রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমানের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’
