ভিকারুন নিসায় অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম বাতিল

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি দিয়ে রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের উদ্যোগকে অবৈধ ঘোষণা করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রবিবার ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে জানিয়ে দিয়েছে।

শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষ পদে নিয়োগ কার্যক্রম পরিচালনা বিধি সম্মত নয়। এমতাবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে ভিকারুন নিসার অধ্যক্ষ পদে নিয়োগে গৃহীত সকল কার্যক্রম বাতিল করার নির্দেশ দেওয়া হলো।’ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড বলেছে, সরকারি আদেশ অনুসারে এখন অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ বন্ধ। ভিকারুন নিসা নূনের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি দেওয়াও অবৈধ। অথচ ভর্তি বাণিজ্য করার জন্য একটি স্বার্থান্বেষী মহল ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগমকে সরিয়ে অন্য একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয় স্কুলে ভর্তির ঠিক আগের দিন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন আদেশের ফলে এ প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ নিয়োগ বন্ধ হবে বলে মনে করছেন অভিভাবকরা।

জানা গেছে, সরকারি আদেশে সকল প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ বর্তমানে বন্ধ থাকলেও গত ৯ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। গত ১ জানুয়ারি আবেদন কার্যক্রম শেষ হয়। নিয়োগ প্রত্যাশী ১৬ প্রার্থীর আবেদন জমা পড়েছে। তার মধ্যে এই প্রতিষ্ঠানে কর্মরত ছয়জন ও বাইরে থেকে ১০ জন প্রার্থী আবেদন করেছেন।

এমনকি এক ছাত্রী আত্মহত্যার ঘটনায় আন্দোলনের প্রেক্ষাপটে সম্প্রতি শিক্ষা বোর্ড জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে যাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ করেছেন তাকেও জোরপূর্বক অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারি আদেশের পরেও এ ধরনের নিয়োগের তত্পরতার বিরুদ্ধে সম্প্রতি আদালতের শরণাপন্ন হয় এক আইনজীবী। এর পরেও নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার পাঁয়তারা চলে। বিষয়টি নজরে আসে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও মাউশি’র।

শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ ইত্তেফাককে বলেন, অধ্যক্ষ নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো প্রতিষ্ঠানেই। সারা দেশে কলেজে অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম বন্ধ থাকার পরও ভিকারুন নিসায় অধ্যক্ষ নিয়োগে প্রক্রিয়া শুরু করা ঠিক হয়নি। এটি অনিয়ম, অবৈধ। ভিকারুন নিসার নানা অনিয়ম ও অভিযোগ তদন্তের ঢাকা অঞ্চলের উপ-পরিচালককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু: জিয়াউল হক সাংবাদিকদের বলেছেন, ‘ভিকারুন নিসা বা অন্য কোথাও এখন অধ্যক্ষ নিয়োগ দেওয়া যাবে না; দিলে তা অবৈধ।’

এ বিষয়ে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বলেন, এটা কমিটি করেছে। এ বিষয়টি আমি বেশি অবহিত নই।