নির্বাচনে হারলে ট্রাম্প নীরবে বিদায় নেবেন না: হিলারি ক্লিনটন

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৭:৪৫

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হারলেও নীরবে চলে যাবেন না। তিনি বৃহস্পতিবার এক সম্মেলনে বলেন, ‘আমি মানুষকে ভয় দেখাতে চাই না। কিন্তু আমি মনে করি সবার প্রস্তুতি নেওয়া উচিত। আমার বিশ্বাসের অনেক কারণ আছে যে, ট্রাম্প নির্বাচনে হারলে সহজেই বা নীরবে ঐ রাতে বিদায় নেবেন না। তিনি আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি সব ধরনের মামলার চেষ্টা করবেন। আর তার তো বন্ধু অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার আছেন যিনি প্রয়োজনে সবকিছু করতে প্রস্তুত’।

প্রেসিডেন্ট ট্রাম্প অনেক আগে থেকেই নির্বাচনের প্রতারণা হতে পারে বলে অভিযোগ করে আসছেন। বিশেষজ্ঞ এবং কৌসুলিরা আশংকা প্রকাশ করছেন, এর মাধ্যমে ধারনা করা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প হারলে নির্বাচনকে বিতর্কিত করতে বা এর ফলাফল নাও মেনে নিতে পারেন। এর মধ্যে ডাকযোগে ভোটে জালিয়াতি হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এর আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ডাকযোগে ভোট নিয়ে ট্রাম্পের কৌশলের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। -সিএনএন