আজ শনিবার ৪৫তম জাতীয় শোক দিবস। আর অন্যদিকে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। এছাড়া বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য উঠা-নামার কাজও বন্ধ রয়েছে। রবিবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪৫তম শাহাদত বার্ষিকী আজ। আর অপরদিকে ৭৪তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। প্রতিবেশি এই দুই দেশের জাতীয় দিবস উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একারণে সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. সেকেন্দার আলী জানান, করোনা পরিস্থিতির কারণে গত ১৫ মার্চ থেকে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী আসা-যাওয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
