১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে সরাসরি জিয়া জড়িত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৬:৫২

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৫ আগস্ট ও ৩রা নভেম্বরের খুনি এবং খুনিদের মদদদাতা। জিয়া ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেন, তখনই প্রমাণিত হয় ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে সরাসরি জিয়া জড়িত।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একটি হত্যাকাণ্ড একটি দেশ ও জাতিকে পিছিয়ে দিতে পারে, যেমনটি বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। হত্যাকারীরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চেয়েছিল। ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে দেশে লুটেরা দুর্নীতির ধারা সৃষ্টি করেছিল, সেখান থেকে এখনো বেড়িয়ে আসা যায়নি।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে অনেক দেশের জাতির পিতাকে হত্যা করা হয়েছে কিন্তু বাংলাদেশের মতো জাতির পিতাসহ তাঁর পরিবারকে হত্যার মতো পৈশাচিক ঘটনা ঘটেনি। এরফলে সামাজিক অবক্ষয় ঘটেছে। মেধা মননের বিকাশ ঘটেনি, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি।

আরো পড়ুনঃ জিয়া আমাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল : রাষ্ট্রপতি

অনুষ্ঠানে লেখক, গবেষক ও রিভারাইন পিপল এর মহাসচিব শেখ রোকন 'বঙ্গবন্ধুর নদী-দর্শন ও এশীয় শতাব্দীর বাংলাদেশ' শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। জুম অ্যাপ ভিডিওতে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এবং মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়র এডমিরাল এম শাহাজাহান।

আলোচনা সভার শুরুতে 'বঙ্গবন্ধুর স্টিমার যাত্রা' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে প্রতিমন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে  ঢাকা সদরঘাটে নৌ শ্রমিকদের মাঝে বিশেষ খাবার বিতরণ করেন।

ইত্তেফাক/এমএএম