মালয়েশিয়ায় নতুন রাজা নির্বাচিত করার দিন-ক্ষণ নির্ধারণে দেশটির বিভিন্ন প্রদেশের রাজ পরিবারের প্রতিনিধিরা বৈঠক করেছেন। এক রুশ সুন্দরীকে বিয়ে করে সুলতান মোহাম্মদ পঞ্চমের আকস্মিক পদত্যাগের পর তারা নতুন রাজা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় নতুন রাজা নির্বাচনের তারিখ নির্ধারণ করতে সোমবার মালয়েশিয়ার ৯ প্রদেশের ছয় শাসক জাতীয় প্রসাদে বৈঠক করেছেন। অবশ্য অপর তিন শাসক কেন উপস্থিত হননি তা জানা যায়নি। সিংহাসন শূন্য হওয়ার পর চার সপ্তাহের মধ্যে ভোটাভুটির বাধ্যবাধকতা রয়েছে। এদিকে নিজের বিয়ে বিষয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করেননি সুলতান। এছাড়া রাজপ্রসাদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। ‘কাউন্সিল অব রুলারস’ও এ বিষয়ে নীরবতা বজায় রেখেছে।
উল্লেখ্য, দুই মাস আগে চিকিত্সা উদ্দেশে বিদেশ গিয়েছিলেন ৪৯ বছর বয়সী সুলতান পঞ্চম মোহাম্মদ। তখন থেকেই তার পদত্যাগ নিয়ে আলোচনা হচ্ছিল। গতমাসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ২৫ বছর বয়সী রুশ সুন্দরী ২০১৫ সালে মিস মস্কো খেতাবপ্রাপ্ত ওকসানা ভোভোদিনার সঙ্গে তার গোপন বিয়ের খবর ও ছবি প্রকাশিত হয়। ২২ নভেম্বর মস্কোর বরভিকায় একটি কনসার্ট হলে গোপনে তারা বিয়ে করেছিলেন বলে জানা যায়।
