বিপদে ধৈর্য ধারণ করুন দেশে ত্রাণের কোন সংকট নেই: নাহিম রাজ্জাক

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২০:১৮

শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন বাংলাদেশের মানুষের ত্রাণের কোন সংকট হবে না। তিনি সারাজীবন তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাঙ্গালীর সুখের জন্য তার সুখ বিসর্জন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে কোন দুর্যোগে আপনাদের পাশে আছেন। তারই নির্দেশে দেশের দুর্যোগ মুহূর্তেও তাঁর কর্মী হিসেবে আমরা আপনাদের পাশে রয়েছি। তিনি আরো বলেন, মানুষের দুর্দিনে আওয়ামী লীগ ও এর সহযোগী সকল সংগঠনের নেতা কর্মীরা আমাদের নেত্রীর আহ্বানে সারা দিয়ে করোনার পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে নাহিম রাজ্জাকের পক্ষ থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ১৫শ বন্যা দুর্গতদের মাঝে চাউল,আঁটা,চিনি ও আলু বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

এর আগে নাহিম রাজ্জাক ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুর পিতা ও মুক্তার হোসেন মোড়লের কবর জিয়ারত শেষে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহিসার ইউনিয়ন, সাজনপুর বাজার, ছয়গাঁও ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

আরো পড়ুনঃ বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের কণ্ঠস্বর: তথ্য প্রতিমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আলম নাসীফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আব্দুল মান্নান হাওলাদার, রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক সরদার, সাধারণ সম্পাদক ইয়াসিন মৃধাসহ  ইউনিয়নে নেতৃবৃন্দ।

নাহিম রাজ্জাক আরো বলেন, করোনা দুর্যোগের মধ্যে নতুন করে সৃষ্ট ভয়াবহ বন্যার মাঝেও প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের মন্ত্রী এবং দলীয় নেতাকর্মীরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনা মানবতার জননী তার আমলে কেউ না খেয়ে থাকেননি। ভবিষ্যতেও বাংলাদেশের কোন মানুষ না খেয়ে থাকুক, তিনি সেটা চান না। করোনা দুর্যোগে বাংলাদেশে কোথাও কেউ না খেয়ে থাকেনি। ইনশাল্লাহ বন্যায়ও কেউ না খেয়ে থাকবে না।

বন্যা পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক সকল বিষয় খোঁজ খবর নিচ্ছেন। আমরা বন্যা পরিস্থিতি নজরদারি করছি।


ইত্তেফাক/এমএএম