মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয় হাজার ২০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান। এতে ওই দুই দেশের সঙ্গে সঙ্গে চীনের উত্তেজনা বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার ওয়াশিংটন জানায়, নতুন এ চুক্তির মাধ্যমে তাইওয়ানের কাছে ৯০টি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করবে ট্রাম্প প্রশাসন। যা আগামী ১০ বছর ধরে ধারাবাহিকভাবে তাইওয়ানের কাছে পাঠানো হবে। আর তাইপে এবং ওয়াশিংটনের মধ্যে অস্ত্র চুক্তিটি এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। এফ-১৬ প্রযুক্তির সর্বাধুনিক ভার্সনের যুদ্ধ বিমানগুলোই কিনছে তাইওয়ান।
চুক্তির পরেই চীন মার্কিনদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে এফ-১৬ বিমান সরবরাহ করা হলে ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে। যদিও বেইজিং আগে থেকেই তাইয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি করা থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে আসছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ধোনি
জানা যায়, ১৯৯২ সালে তাইওয়ানকে সর্বপ্রথম আধুনিক ও উন্নতমানের জঙ্গিবিমান সরবরাহ করে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে আলাদা করে অস্ত্র সরবরাহ করা হলে এক চীন নীতির লঙ্ঘন হবে বলে জানায় চীন। পার্সটুডে।
ইত্তেফাক/আরআই
