পালিয়ে যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার ‘মাদুরোঘনিষ্ঠ’ বিচারক সেরপা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২২:০২

 

 

ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট সাবেক বিচারক ক্রিস্টিয়ান সেরপা দেশ ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। নিকোলোস মাদুরোর এক সময়কার এ সহযোগী ২০১৬ সালেও প্রেসিডেন্টের হয়ে বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেসের শক্তি খর্বে ভূমিকা রেখেছিলেন।

সেরপা বলছেন, গত বছর যে নির্বাচনে মাদুরো জয়ী হয়েছেন তা ‘অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ হয়নি। এর প্রতিবাদেই তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে এসেছেন। বিরোধী দলগুলোর বয়কটের মধ্যে হওয়া ওই নির্বাচনে জয়ী মাদুরো চলতি সপ্তাহেই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসছেন, জানিয়েছে বিবিসি। ভেনিজুয়েলার এ সমাজতান্ত্রিক ঘরানার প্রেসিডেন্ট পদ্ধতিগতভাবে সুপ্রিম কোর্টকে নিজের কার্যসিদ্ধিতে ব্যবহার করছেন বলেও সেরপার অভিযোগ। রবিবার ফ্লোরিডার ইভিটিভি রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট হচ্ছে ‘নির্বাহী বিভাগের লেজুড়’। “কিছু কিছু মামলার রায় কী হবে, প্রেসিডেন্টই তা ঠিক করে বিচারকদের জানিয়ে দেন,” মন্তব্য তার।