বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল নিজেদের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন কয়েকজন মন্ত্রী। এ সময় তারা বলেন, মন্ত্রিত্ব উপভোগের কিছু নয়, এটি চ্যালেঞ্জের বিষয়। আওয়ামী লীগ ইশতেহারের মাধ্যমে যেসব পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করেছে, সেগুলো বাস্তবায়ন করাই এখন মূল কাজ। নগর জীবনের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়াটাই অন্যতম চ্যালেঞ্জ।’
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সাত দিন পরই মন্ত্রী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। তিনি বলেন, এমপি হয়ে সাতদিনের মাথায় কেউ পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, এ দেশে এমনটা হয়নি। বিষয়টি ভেবে গর্ববোধ করছি। নিজ মন্ত্রণালয় সম্পর্কে তিনি আরো বলেন, ‘আমি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেই মন্ত্রণালয় নিয়ে অনেক অনিয়মের কথা শোনা যায়। এসব অনিয়ম দূর করা হবে আমার প্রধান চ্যালেঞ্জ।’ তিনি বলেন, আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী নগরের সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন করাই হবে আমার দ্বিতীয় চ্যালেঞ্জ।
শপথ গ্রহণের পর আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, অসমাপ্ত কাজ শেষ করাই আমার বড় চ্যালেঞ্জ।
এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, সরকারের চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন করতে চাই। এসব প্রকল্প চালাতে গিয়ে সংশ্লিষ্ট আরো কোন পদক্ষেপ নিতে হলে তা নেয়া হবে।’ রেল যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি উত্তরবঙ্গ থেকে রেলমন্ত্রী হয়েছি। রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগে রেলকে অগ্রাধিকার ভিত্তিতে গড়ে তুলতে চাই। পুরো রেল যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী করা এবং এই সেবাকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা হবে আমার অন্যতম প্রধান কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন, নিষ্ঠার সঙ্গে তা পালন করতে চাই।
ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘হজ ব্যবস্থাপনা সংস্কার করে আধুনিকতা আনার চেষ্টা করবো।
কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। তিনি বলেন, ‘মন্ত্রিত্ব উপভোগের কিছু নয়, মন্ত্রিত্ব চ্যালেঞ্জের বিষয়। আমার দল আওয়ামী লীগ ইশতেহারের মাধ্যমে অনেক পরিকল্পনা উপস্থাপন করেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, নতুন দায়িত্বে অবশ্যই অনেক চ্যালেঞ্জ আছে। বিশ্বাসের সঙ্গে যথাযথ মর্যাদা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবো।
