রাজশাহী জেলা ও মহানগরীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। গত শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যানে জেলায় ৪ হাজার ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৩২৬ জন ইতোমধ্যে সুস্থও হয়েছেন। এদিন পর্যন্ত জেলায় মারা গেছেন ৩২ জন।
রবিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এই তথ্য জানান। তিনি আরও জানান, রাজশাহী বিভাগের শনিবার পর্যন্ত ১৫ হাজার ৫৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ২১৩ জন সুস্থও হয়েছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫৯০ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য মতে, শনিবার বিভাগে নতুন শনাক্ত ১৯৩ জনের মধ্যে বগুড়ায় ৬৮, রাজশাহী ৪৬, চাঁপাইনবাবগঞ্জে ১৯, নওগাঁয় ২৪, জয়পুরহাটে ২০ ও সিরাজগঞ্জে ১৬ শনাক্ত হয়েছেন। এনিয়ে বগুড়ায় ৫ হাজার ৭৪২, রাজশাহীতে ৪ হাজার ১৭, চাঁপাইনবাবগঞ্জে ৫৮৮, নওগাঁয় ১ হাজার ৫২, নাটোরে ৬৬৭, জয়পুরহাটে ৮৫৭, সিরাজগঞ্জে ১ হাজার ৭২৭ ও পাবনায় ৮৯৭ জন শনাক্ত হয়েছেন।
এ পর্যন্ত রাজশাহীর ২ হাজার ৩২৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৭২ জন, নওগাঁর ৯১৯ জন, নাটোরের ২৯২ জন, জয়পুরহাটের ২১৪ জন, বগুড়ার ৪ হাজার ৫৪৬ জন, সিরাজগঞ্জের ৮১৩ জন এবং পাবনার ৭৩১ জন করোনামুক্ত হয়েছেন।
সূত্র মতে, বিভাগে মৃত ২১৪ জনের মধ্যে বগুড়ায় ১৩১, রাজশাহীতে ৩২, চাঁপাইনবাবগঞ্জে ১০, নওগাঁয় ১৫, নাটোরে দুই, জয়পুরহাটে চার, সিরাজগঞ্জে ১১ এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
ইত্তেফাক/আরকেজি
