পূর্ব শত্রুতার জের ধরেই ধর্ষণের ঘটনা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২২:৩৩

জেলার সুবর্ণচর উপজেলার মধ্যবাগ্গায় ৩০ ডিসেম্বর মধ্যরাতে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে এক নারীকে গণধর্ষণ এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনায় গত রবিবার বিকালে আদালতে ওই নারী জবানবন্দি দিয়েছে। জেলার ২ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নবমিতা গুহ ওই নারীর জবানবন্দি গ্রহণ করেন। 

জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, ধর্ষণের শিকার ওই নারী আদালতে জবানবন্দিকালে বলেছেন, পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত ১০ জনসহ ১৪ জনের নাম উল্লেখ করেন তিনি। বাকি চারজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা ডিবি পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সুপার জানান। গ্রেফতার ১০ জনের মধ্যে ৭ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

জানা যায়, ওই নারী জবানবন্দিকালে এবং তার স্বামী চরজব্বার থানায় যে মামলা করেছেন সেখানে কোনো রাজনৈতিক দল প্রতিহিংসা পরায়ন হয়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ দায়ের করেনি। তবে বিভিন্ন সূত্রমতে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, সংসদ নির্বাচনে ভোট প্রদান নিয়েও নয়, বরং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এ  নারকীয় গণধর্ষণের ঘটনা ঘটেছে।  

এদিকে, গ্রেফতার সালাহ উদ্দিন ও আবুল হোসেন আবুল গতকাল সোমবার আদালতে জবানবন্দি প্রদানকালে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত মুরাদকেও আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত এ বিষয়ে পরবর্তীতে আদেশ প্রদান করবেন বলে জানিয়েছেন জেলার ডিবির ওসি আবুল খায়ের।

অন্যদিকে গতকাল সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান নোয়াখালী জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার ওই নারীকে দেখতে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। সরকার ভুক্তভোগীর চিকিত্সা, নিরাপত্তাসহ পুরো ঘটনাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে।

ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল দুপুরে সুবর্ণচরের পাঙ্খার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিহীন কমিটির উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উন্নয়ন সংস্থা নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির। তিনি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী-ধর্ষকদের প্রতিহত করার আহ্বান জানান।