প্রায় ২১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার রাজধানীর শাহজাহানপুর থানায় দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় আফরোজা আব্বাসের নামে অর্জিত ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এ সম্পদ প্রকৃতপক্ষে মির্জা আব্বাসের সহায়তায় অবৈধ উত্স থেকে অর্জিত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর আগে গত রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে মির্জা আব্বাস উদ্দিন আহমেদের স্ত্রী আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার সম্পদ পাওয়া গেছে। কিন্তু এ সম্পদের স্বপক্ষে আফরোজা যৌক্তিক কোনো দালিলিক তথ্য-প্রমাণ দিতে পারেননি। প্রকৃতপক্ষে এ সম্পদ তার স্বামী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সহায়তায় অবৈধ উত্স থেকে অর্জিত। ১৯৯১ সালের পূর্বে মির্জা আব্বাসের উল্লেখযোগ্য কোনো আয় ছিল না। মূলত তিনি ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হওয়ার সুবাদে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ওই সম্পদ অর্জন করেন। আর তিনি নিজের অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হস্তান্তর, রূপান্তর ও অবস্থান গোপন করণের অসত্ উদ্দেশ্যে দালিলিক প্রমাণবিহীন ভুয়া ঋণ গ্রহণ দেখিয়েছেন।
