সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে দুই শ্রমিক নিহত হন সোমবার বিকালে। চিকাডহর গ্রামের রহিম গংদের গর্তে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে টাস্কফোর্স অবৈধ পাথর উত্তোলন বন্ধে পৃথক একটি অভিযান চালাতে গেলে শ্রমিকরা হামলা চালিয়ে টাস্কফোর্সেও ১৫ সদস্যকে আহত করেছে।
স্থানীয়রা জানান ঝুঁকিপূর্ণভাবে শাহআরপিন টিলায় পাথরের গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। বিকাল ৩টার দিকে হঠাত্ গর্ত ধসে দুই শ্রমিক চাপা পড়ে মারা যান। নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনুয়ার হোসেনের ছেলে সোনা মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
অন্যদিকে একই সময় কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাথরখেকোদের হামলার শিকার হয় টাস্কফোর্স। সোমবার বিকাল ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে টাস্কফোর্সের অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুইজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে বিজিবি সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মচারীরা রয়েছেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
