তামিম ও মুস্তাফিজের মাঠে ফেরা

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:৩২

প্রেসবক্স প্রান্ত থেকে ঐ প্রান্তে নির্দিষ্ট দূরত্ব ঠিক করা হয়েছে। গিয়ে ফিরে আসলে এক চক্কর ধরা হয়। রানিং পর্বে এভাবে ১০ চক্কর দিয়ে থাকেন ক্রিকেটাররা।

গতকাল সকাল ১০টা ১০ মিনিটে ট্রেনার তুষার কান্তির সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে এসে হাজির তামিম ইকবাল। রানিং শুরু করেছেন বেশ স্বাবলীলভাবেই। তবে প্রতি চক্করের পরপরই হাঁটুতে ভর করে বসে যেতে দেখা গেছে তামিমকে। প্রায় ৫ মাস এমন অনুশীলনের বাইরে থাকায় শরীরও হয়তো বিরুদ্ধাচরণ করছিল। যেন ধকল নিতে পারছিল না তার শরীর। বারবারই হাঁপিয়ে উঠছিলেন ওয়ানডে অধিনায়ক।

দীর্ঘ বিরতির পর গতকাল প্রথম দিন অনুশীলন করতে নামার পর তার সংগ্রামটা বেশ স্পষ্ট ছিল। তামিম ১০ চক্কর শেষ করতে সময় নিয়েছেন ২১ মিনিট। রানিং শেষ করেই ড্রেসিংরুমে ফিরে যান। বৃষ্টির কবলে পড়ে কিছুক্ষণ বিশ্রামের সুযোগও পেলেন। তারপর সোজা ইনডোরে ব্যাটিং করতে চলে যান তামিম। ঘণ্টা খানেক ব্যাটিং করেছেন তিনি।

তামিমের মতোই গতকাল প্রথম দিনের ক্লান্তিকর পরীক্ষায় পড়তে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। সকালে শেরেবাংলায় এসেই জিমে সময় কাটিয়েছেন এই বাঁহাতি পেসার। তারপর আসেন রানিং করতে। বৃষ্টি নামায় দ্রুতবেগে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। বৃষ্টি থামার পর শুরু হয় মুস্তাফিজের রানিং।

ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতার অধীনে রানিংয়ের শুরুর চারটি চক্কর বেশ ক্ষিপ্রতার সঙ্গেই দিয়েছিলেন। পরেই হাঁপিয়ে উঠেন মুস্তাফিজ। অনেক সময় বিশ্রাম নেওয়ার পর ধীরে ধীরে ১০ চক্করের নির্ধারিত রানিং পর্ব শেষ করেন তিনি। সময় নিয়েছেন ২৫ মিনিট। তবে সূচিতে থাকলেও গতকাল বোলিং করেননি মুস্তাফিজ।

রানিং পর্ব শেষে তরুণ এই পেসার বলেছেন, ‘আমার বোলিংয়ের সময় শেষ হয়ে গেছে। আজ (গতকাল) আর করব না। কাল (আজ) বোলিং করব।’

মিরপুরে তাদেরকে সর্বশেষ দেখা গিয়েছিল গত মার্চে। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন তামিম ও মুস্তাফিজ। করোনার ধাক্কায় প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পর থেকে পাঁচ মাস সময় অতিবাহিত হয়ে গেছে। এই সময়ে তাদের পা পড়েনি শেরেবাংলায়।

ঈদের আগে ও পরে মুশফিক-মাহমুদউল্লাহরা ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও ওয়ানডে অধিনায়ক তামিম ও মুস্তাফিজকে দেখা যায়নি। অবশেষে করোনাভীতিকে জয় করে মাঠে ফিরেছেন তারা এবং স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করেছেন।

গতকাল মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকরাও সূচি অনুযায়ী অনুশীলনে ছিলেন। সামনে শ্রীলঙ্কা সফরে টেস্ট আছে বলেই হয়তো ক্যাচ অনুশীলন করতে দেখা গেল মুশফিককে। কারণ টেস্টে কিপিংটা ছেড়ে দিয়েছেন তিনি।