হাসপাতালের কোয়ার্টার থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:৪৮

জামালপুরের মেলান্দহ হাসপাতালের গাইনি চিকিৎসক সুলতানা পারভীনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, শনিবার দিবাগত রাতে বাসায় ঘুমিয়ে পড়েন সুলতানা পারভীন। এরপর সারাদিন তার বাসা থেকে সাড়া না পেয়ে সন্দেহ জাগে। পরে পুলিশসহ হাসপাতালের অন্যদের নিয়ে কোয়ার্টারের তার রুমের দরজা ভেঙ্গে ভিতরে লাশ পাওয়া যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী ও সার্কেল এসপি ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।  

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তার শরীরে প্যাথেডিন পুশের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। 

আরো পড়ুন : লক্ষ্মীপুরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সুলতানা পারভীনের পিতার নাম আলাউদ্দিন আজাদ। মাতার নাম রহিমা আজাদ। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের ২৮/এ নং বাসা, রোড নং-৩, মোহাম্মদী আবাসিক এলাকায় থাকতেন। তিনি মেলান্দহ হাসপাতালে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত ছিলেন।


ইত্তেফাক/ইউবি