চিত্রশিল্পী মুর্তজা বশীরের রুহের মাগফিরাত কামনায় আজ দোয়া মাহফিল

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:১২

প্রয়াত চিত্রশিল্পী ও ভাষাসংগ্রামী মুর্তজা বশীরের রুহের মাগফিরাত কামনায় আজ সোমবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পারিবারিকভাবে কোরআনখানি ও দরিদ্রদের খাবার দেওয়া হবে। তার রুহের মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর ছোট ছেলে মুর্তজা বশীর ১৯৩২ সালের এই দিনে ঢাকার রমনায় জন্মগ্রহণ করেন। ঢাকা ও ফ্লোরেন্সে শিল্পশিক্ষা গ্রহণ করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশে ‘বিমূর্ত বাস্তবতা’ চিত্রধারণার প্রবর্তক শিল্পী মুর্তজা বশীরের ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’ শীর্ষক বিখ্যাত কয়েকটি চিত্রমালা রয়েছে। বাংলাদেশের চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৯৮০ সালে তিনি পান একুশে পদক। ২০১৯ সালে শিল্পী মুর্তজা বশীরকে স্বাধীনতা পদক প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি