কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার খলিলুর রহমান

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০০:৪১

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ডা. খলিলুর রহমানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে দায়িত্বরত। এছাড়া মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছেন। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খলিলুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। পেশাদার কূটনীতিক খলিলুর রহমান নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে (ডব্লিউএইচও) সিনিয়র পদেও দায়িত্ব পালন করেছেন। ডা. খলিলুর রহমান রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।