‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’-এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কাজী মামুনুর রশিদ। ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার গত ১১ জুলাই মৃত্যুবরণ করায় কাজী মামুন তার স্থলাভিষিক্ত হলেন। মামুন এতদিন ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৪ আগস্ট ট্রাস্টের সদস্যরা বৈঠক করে সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন।
গতকাল রবিবার বারিধারায় জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুন বলেন, এরশাদ তার মৃত্যুর আগে ছেলে এরিকের দেখভাল করার উদ্দেশ্যে এই ট্রাস্ট গঠন করেন। ট্রাস্ট নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য আসছে। আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে ট্রাস্টের অর্থ-সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে। এ সময় উপস্থিত থাকা এরশাদপুত্র এরিক বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকে কাজী মামুন আমার নিয়মিত খোঁজখবর রাখছেন। এ কারণে আমার ইচ্ছায় ট্রাস্টের সদস্যরা তাকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাস্টি ফখরুজ্জামান জাহাঙ্গীর, অ্যাডভোকেট রুবায়েত হাসান, শামসুজ্জামান মুকুল ও জাহাঙ্গীর আলম। মৃত্যুর আগে করোনায় আক্রান্ত হয়ে মেজর খালেদ হাসপাতালে চিকিত্সাধীন থাকার সময় ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন কাজী মামুন। তখন জাপার চেয়ারম্যান জি এম কাদের সাংবাদিকদের বলেছিলেন, ট্রাস্টের নতুন চেয়ারম্যান কে হবেন—সেটি ট্রাস্টের আইনকানুন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ব্যাপারে ট্রাস্টের সদস্যরা বলছেন, ট্রাস্ট গঠনের আগে এরশাদ একটি অছিয়তনামা করেন, যাতে বলা ছিল, এরশাদের অবর্তমানে জি এম কাদের এরিকের দেখভাল করবেন। কিন্তু এরশাদ অসুস্থ থাকাবস্থাতেই জি এম কাদের সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারায় এরশাদ ঐ অছিয়তনামা বাতিল করে ট্রাস্ট গঠন করে যান।
