সিদ্ধিরগঞ্জে জমি দখল নিয়ে হামলার ঘটনার ২ দিনেও মামলা হয়নি

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০০:০৬

সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলার ঘটনার ২ দিনপরও মামলা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। গত রবিবার নাসিক ১নং ওয়ার্ডের সিআই খোলা এলাকায় কোব্বাত আলী ও তার লোকজন জমির মালিক ইব্রাহিমকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলা রুজু না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। 

জানা যায়, নাসিক ১নং ওয়ার্ড সিআই খোলা এলাকার জমির মালিক ইব্রাহিমের কাছে সম্পত্তির অংশ দাবি করে কোব্বাত আলী। এ নিয়ে কয়েক বার সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ঘটনার দিন জমির পাশে ইব্রাহিম গেলে কোব্বাত আলী ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমকে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময়  ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ধারালো অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসেনি। এসময় গুরুতর আহত ইব্রাহিমকে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হামলার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস আই শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ইব্রাহিমের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও গতকাল সোমবার পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।